পাকুন্দিয়ায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। চলতি মাসের ২১ তারিখে থানাধীন নরপতি সাকিন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসাইন রকির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা একটি সক্রিয় মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ ধরনের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে এবং যুবসমাজ রক্ষা পাবে৷
মতামত