রামুর গর্জনিয়ায় তরুণীকে প্রকাশ্যে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা।
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় এক তরুণীকে “এলাকার যুবকদের নষ্ট করার” অভিযোগে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। এ সময় তাকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ঘিরে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন ও আইন নিজের হাতে তুলে নেওয়ার নজির হিসেবে আখ্যায়িত করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক ওই তরুণীকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার নামে কান ধরে উঠবস করান এবং কথাবার্তার মাধ্যমে অপমান করেন। ঘটনার সময় আশপাশে থাকা কিছু মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও কেউ কেউ ভিডিও ধারণ করেন, যা পরে অনলাইনে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মানবাধিকারকর্মীরা বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোই একমাত্র বৈধ পথ। প্রকাশ্যে অপমান ও শারীরিক নিপীড়ন সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে। ভাইরাল ভিডিওটি যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের বেআইনি ও অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত