যমুনায় আরও এক সপ্তাহ থাকতে পারেন ড. মুহাম্মদ ইউনূস, সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ২০ ফেব্রুয়ারি — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির নেতা তারেক রহমান। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিলুপ্ত হয় প্রধান উপদেষ্টার পদ।
এদিকে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এখন কোথায় থাকবেন— তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তিনি আর কতদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করবেন, নাকি ইতোমধ্যে তা ছেড়ে দিয়েছেন— এসব বিষয়েও চলছে আলোচনা।
ড. ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে সংস্কার বা ‘রিনোভেশন’ কাজ চলমান রয়েছে। ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি আরও প্রায় এক সপ্তাহ যমুনায় থাকতে পারেন। সংস্কার কাজ সম্পন্ন হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন।
অন্যদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করেছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক দুই মাস সময় লাগতে পারে।”
এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি— ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হবে।”
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গত ১৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। দায়িত্ব শেষে কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান।
মতামত