লাকসামে গুম হওয়া নেতা হুমায়ুন কবির পারভেজের পরিবারের প্রতি ন্যায়বিচারের দাবি
লাকসাম প্রতিনিধি:
লাকসাম উপজেলা বিএনপির রাজনীতিতে হুমায়ুন কবির পারভেজের অবদান ছিল অনন্য ও স্মরণীয়—এমন মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দল ও জনগণের অধিকার আদায়ে তিনি ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও আপসহীন একজন নেতা। তাঁর হঠাৎ গুম হয়ে যাওয়ার ঘটনায় শুধু পরিবার নয়, সমগ্র লাকসামবাসী গভীরভাবে শোকাহত হয় বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির পারভেজ গুম হওয়ার পর দল তাঁর সহধর্মিণীকে পৌরসভা মেয়র নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। নেতাকর্মীদের দাবি, সাধারণ জনগণের ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও তৎকালীন সরকারি দলের প্রভাব ও হস্তক্ষেপের কারণে তাঁর সম্ভাব্য বিজয় ছিনিয়ে নেওয়া হয়, যা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী দৃষ্টান্ত হিসেবে এখনও আলোচিত।
এ প্রেক্ষাপটে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে গুম হওয়া এই ত্যাগী নেতার পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তারা মনে করেন, হুমায়ুন কবির পারভেজের সহধর্মিণীকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনয়ন প্রদান করা হলে তা হবে তাঁর ত্যাগের প্রতি যথাযথ সম্মান, পরিবারের প্রতি সহমর্মিতা এবং গণতন্ত্রের মূল্যবোধের প্রতি দৃঢ় অঙ্গীকার।
নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, দল মানবিক ও রাজনৈতিক বিবেচনায় বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে একটি ন্যায়সঙ্গত ও সম্মানজনক সিদ্ধান্ত গ্রহণ করবে।
মতামত