ভোট নয়, অনুমোদনই ক্ষমতার চাবিকাঠি, ডিপ স্টেট, রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং ও বাংলাদেশের নির্বাচনী বাস্তবতা
জাহেদুল ইসলাম আল রাইয়ান
বাংলাদেশের রাজনৈতিক কথোপকথনে ‘ভোট কারচুপি’ শব্দটি এতটাই প্রচলিত যে, আমরা প্রায় ভুলেই যাই—নির্বাচনের ফল নির্ধারিত হয় শুধু ব্যালট বাক্সে নয়। বাস্তবে ক্ষমতা নির্ধারিত হয় আরও গভীর, আরও অদৃশ্য এবং আরও নিষ্ঠুর এক প্রক্রিয়ায়—যাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং। এটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।
ভোট কাটছুটি হলো দৃশ্যমান অনিয়ম নির্বাচনের দিন কেন্দ্র দখল, জাল ভোট, ফল বদলের কৌশল। কিন্তু ইঞ্জিনিয়ারিং শুরু হয় অনেক আগেই—মনোনয়ন পর্যায়ে, গ্রহণযোগ্যতার প্রশ্নে, আন্তর্জাতিক স্বীকৃতির হিসাব-নিকাশে এবং শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের অনুমোদনে। এখানে নির্বাচন একটি আনুষ্ঠানিকতা মাত্র, সিদ্ধান্ত নেওয়া থাকে অন্যত্র।
এই ‘অন্যত্র’ই হলো তথাকথিত ডিপ স্টেট—রাষ্ট্রের ভেতরে প্রাতিষ্ঠানিকভাবে অদৃশ্য কিন্তু কার্যকর এক ক্ষমতাকাঠামো। ডিপ স্টেট কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটি রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতিতে স্বীকৃত একটি ধারণা। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তার বিদায়ী ভাষণে যাকে “Military-Industrial Complex” বলেছেন, তুরস্কে যাকে ‘ডেরিন দেভলেত’, মিসরে যাকে সামরিক-আমলাতান্ত্রিক রাষ্ট্র বলা হয়—সেগুলো একই বাস্তবতার ভিন্ন নাম।
বাংলাদেশেও এই কাঠামো বিদ্যমান। এটি গঠিত হয় কয়েকটি স্তম্ভের ওপর—
প্রথমত, রাষ্ট্রের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার নির্দিষ্ট অংশ, দ্বিতীয়ত, অর্থনৈতিক ক্ষমতাধর গোষ্ঠী—বড় ব্যবসা, শিল্প, ব্যাংকিং ও ঋণনির্ভর আর্থিক নেটওয়ার্ক, তৃতীয়ত, মিডিয়া ও বর্ণনানিয়ন্ত্রণকারী শক্তি, চতুর্থত, আন্তর্জাতিক কূটনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ।
এই চারটি স্তম্ভের সম্মিলিত আস্থা ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ক্ষমতায় যাওয়া কার্যত অসম্ভব। এখানে গণভোট প্রয়োজনীয়, কিন্তু কখনোই যথেষ্ট নয়।
এই বাস্তবতার কারণেই আমরা দেখি অসাধারণ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অনেক রাজনৈতিক উদ্যোগ রাষ্ট্রক্ষমতায় এসে অকার্যকর হয়ে পড়ে, আবার তুলনামূলক দুর্বল জনসমর্থন থাকা সত্ত্বেও কেউ কেউ নির্বিঘ্নে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যায়। এটি গণতন্ত্রের ব্যর্থতা নয়, এটি গণতন্ত্রের সীমা।
এই সীমার ভেতরেই ইসলামভিত্তিক রাজনীতির সংকটটি বোঝা দরকার। ইসলামের নামে সরাসরি রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে—কারণ এটি ডিপ স্টেটের স্বার্থ ও কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। ডিপ স্টেট আদর্শের প্রশ্নে নিরপেক্ষ নয়, বরং সে এমন শক্তিকেই গ্রহণযোগ্য মনে করে, যার সঙ্গে দরকষাকষি সম্ভব।
ইসলাম এখানে সমস্যার নাম নয়, সমস্যা হলো অ-আলোচনাযোগ্য নৈতিক কাঠামো। ইসলামী রাজনীতি স্বভাবতই সীমা টানে—সুদ, দুর্নীতি, মাফিয়া অর্থনীতি, কালো টাকা, বৈদেশিক নির্ভরশীলতা—এই সবকিছুর ওপর। অথচ ডিপ স্টেটের অস্তিত্ব ঠিক এইসব ব্যবস্থার ওপরই দাঁড়িয়ে। ফলে ইসলামের নামে পরিচালিত রাজনৈতিক শক্তি ডিপ স্টেটের কাছে অবিশ্বাস্য হয়ে ওঠে—ভোট যতই থাকুক।
এখানে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট করা জরুরি। ইসলামকে দলীয় পরিচয়ের কেন্দ্রে না রাখার অর্থ ইসলামকে রাজনীতি থেকে বিতাড়িত করা নয়। বরং এটি একটি কৌশলগত পুনর্বিন্যাস। মুসলমান সংখ্যাগরিষ্ঠ অনেক রাষ্ট্রে আমরা দেখি—রাজনীতি পরিচালিত হচ্ছে মুসলমানদের দ্বারা, ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে, কিন্তু রাষ্ট্রকে পূর্ণাঙ্গ ধর্মীয় কাঠামোর অধীনে নেওয়ার দাবি ছাড়াই।
এই মডেল কোনো আদর্শিক বিজয় নয়, এটি বাস্তবতার সঙ্গে সমঝোতা। এখানে ইসলাম দাওয়াত, নৈতিকতা ও সামাজিক জীবনের ভিত্তি—আর রাষ্ট্র পরিচালিত হয় গণতান্ত্রিক ও আধুনিক প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে। এটিকে কেউ পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র বলবে না, আবার ইসলামবিরোধী রাষ্ট্র বলারও সুযোগ নেই।
বাংলাদেশের রাজনীতিতেও এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইসলামের নামে ক্ষমতায় যাওয়ার পথ প্রায় সম্পূর্ণরূপে রুদ্ধ—কারণ রাষ্ট্রের অদৃশ্য কাঠামো সেই পথ অনুমোদন করে না। কিন্তু ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত, নাম নয় কর্মনির্ভর রাজনীতি এখনও সম্ভব—যেখানে ন্যায়, সীমিত ক্ষমতা, জবাবদিহি ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হতে পারে।
শেষ পর্যন্ত প্রশ্ন দাঁড়ায় একটি—গণতন্ত্র কি জনগণের ইচ্ছায় চলে, নাকি অনুমোদিত ইচ্ছায়? বাস্তবতা হলো, যতদিন ডিপ স্টেটের অস্তিত্ব থাকবে, ততদিন নির্বাচন হবে—কিন্তু ক্ষমতা হস্তান্তর হবে শুধু তাদের মধ্যেই, যারা এই অদৃশ্য কাঠামোর সঙ্গে সহাবস্থান করতে পারে।
এই সত্য অস্বীকার করলে রাজনীতি থাকবে, আন্দোলন থাকবে, ভোট থাকবে—কিন্তু ক্ষমতা থাকবে অন্যদের হাতে।
লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর
মতামত