হোসেনপুরে তেল পাম্পে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি তেল পাম্পে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।
পুলিশ জানায়, হোসেনপুর থানার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকায় অবস্থিত মেসার্স ইশা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্রের হুমকির মুখে ছিল। অভিযোগে উল্লেখ করা হয়, বিল্লাল হোসেন শ্রাবণ (৩৫) নামের এক যুবক অজ্ঞাতনামা আরও ২–৩ জন সহযোগীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে ফিলিং স্টেশন মালিকের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৫০ হাজার টাকা আদায় করেন। অভিযুক্তের বাড়ি উপজেলার রামপুর (মোড়লবাড়ি) এলাকায়।
ভুক্তভোগী মালিক জানান, ব্যবসায় লোকসানের কারণে নতুন করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সকালে অভিযুক্ত ও তার সহযোগীরা ফিলিং স্টেশনে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হওয়ায় তারা জোরপূর্বক তেল পাম্প বন্ধ করে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া ওই দিন রাতেই অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণ মোবাইল ফোনে ফিলিং স্টেশন মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুনরায় চাঁদা দাবি করেন। এ সময় আইনের সহায়তা নেওয়ার কথা জানালে আগ্নেয়াস্ত্র দিয়ে মালিক ও কর্মচারীদের হত্যা করার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত বিল্লাল হোসেন শ্রাবণকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
মতামত