বাগেরহাট–১ আসন: বহিষ্কৃত বিএনপি নেতাকে ঘিরে আলোচনা, লড়ছেন ৭ প্রার্থী
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাগেরহাট–১ সংসদীয় আসনে ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।
বাগেরহাট–১ একটি জাতীয় সংসদীয় আসন, যা খুলনা বিভাগের বাগেরহাট জেলার অন্তর্গত। ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাসের সময় তৎকালীন বৃহত্তর খুলনা জেলাকে ভেঙে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা— এই তিনটি পৃথক জেলা গঠন করা হয়। ওই সময় পূর্বের খুলনা–১ আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে বাগেরহাট–১ আসনের সৃষ্টি হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ আসনটি জেলার উত্তরাঞ্চলের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা হিসেবে বিবেচিত।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির এক বহিষ্কৃত নেতাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট নেতা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে বাগেরহাট–১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
সম্প্রতি জেলা বিএনপির কমিটি থেকে বহিষ্কৃত হওয়ার পর তাকে চরমোনাই পীর সাহেবের অনুসারী হিসেবে দেখা যাচ্ছে— এমন আলোচনা অনলাইনে রয়েছে। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন কি না— এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন পাওয়ার দাবি করা হয়েছে।
অন্যদিকে, পূর্বে তার সঙ্গে রাজনীতি করা বিএনপির কিছু নেতাকর্মীর দাবি— তিনি এখন আর বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন এবং দল থেকে বহিষ্কৃত। তাদের একটি অংশ জানিয়েছেন, তারা দল সমর্থিত প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ খান মশিউর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম ‘ঘোড়া’ প্রতীক এবং ইঞ্জিনিয়ার মাসুদ রানা ‘ফুটবল’ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম এফসিএ ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টির প্রার্থী ‘লাঙ্গল’ এবং মুসলিম লীগের প্রার্থী ‘হারিকেন’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।
স্থানীয় অনেক ভোটারের ধারণা, ‘ধানের শীষ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে সক্রিয়। প্রার্থী ও তাদের সমর্থকরা লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি রাজনৈতিক আলোচনা-সমালোচনাও চলছে। তবে উল্লিখিত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


মতামত