কক্সবাজার–৪ আসনে দ্বিমুখী লড়াইআলোচনার কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লা
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার ঝড়। ভোটের মাঠে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে দ্বিমুখী লড়াই। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ধানের শীষ প্রতীকের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক মাওলানা নুর আহমদ আনোয়ারি।
এলাকাজুড়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। পোস্টার, ব্যানার, লিফলেট ও গণসংযোগে মুখরিত হয়ে উঠেছে উখিয়া ও টেকনাফের গ্রাম-গঞ্জ। চা-দোকান থেকে শুরু করে হাটবাজার—সবখানেই নির্বাচনী আলোচনা এখন প্রধান বিষয়।
ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক সংসদ সদস্য হিসেবে তার পূর্বের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক অভিজ্ঞতাকে সামনে রেখে ভোটারদের কাছে সমর্থন চাইছেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাওলানা নুর আহমদ আনোয়ারি ধর্মীয় মূল্যবোধ, নৈতিক রাজনীতি ও পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন নিয়ে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল রয়েছে। অনেকেই মনে করছেন, এই আসনে ভোটের ফলাফল নির্ধারণ হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে।
সব মিলিয়ে কক্সবাজার–৪ আসন এখন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, উত্তেজনাও তত বাড়ছে


মতামত