কিশোরগঞ্জ সদর মডেল থানায় জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৬
জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও জনবান্ধব পুলিশিং জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ আশফাক, জেলা যুবদলের সভাপতি জি এস শরীফ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, ১১নং দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহান সানাউল্লাহ, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলার সভাপতি মোঃ রোকন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মোঃ ফয়সাল প্রিন্স, জেলা শিবিরের সভাপতি হাসান আব্দুল্লাহ মামুন, জেলা ছাত্রদলের নেতা রাফিউল ইসলাম নওশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম, গৌরঙ্গবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম শওকত এবং কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
মতবিনিময় সভায় পুলিশ সুপার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত নাগরিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে।
পুলিশ সুপার বলেন,
“পুলিশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের সহযোগিতায়ই একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অপরিহার্য।
মুক্ত আলোচনায় তিনি উপস্থিতদের কাছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক তৎপরতা সম্পর্কে খোলামেলা মতামত জানতে চান। স্থানীয়রা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় আইনের শাসন পৌঁছে দেওয়াই ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্য, যা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া।

মতামত