গাজীপুরে বসতবাড়িতে হামলা: ৮ নং ওয়ার্ড শ্রমিক নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়া পশ্চিম খন্ডের দারোগারচালা (মোড়) এলাকায় মোহাম্মদ সেলিম মিয়ার বসতবাড়িতে গভীর রাতে একদল সন্ত্রাসী বাহিনী হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় নেতৃত্ব দিয়েছেন ৮ নং ওয়ার্ডের শ্রমিক নেতা জালাল উদ্দিন, এমনটাই দাবি করেছেন হামলার শিকার সেলিম মিয়া।
ভুক্তভোগী মোহাম্মদ সেলিম মিয়া জানান, তিনি ২০০৪ সালে ওই স্থানে জমি ক্রয় করে বসবাস করে আসছেন। গত ২৬-১১-২০২৫ তারিখে গভীর রাতে জালাল উদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
এ সময় বাড়িতে অবস্থানরত ব্যক্তিরা চিৎকার শুরু করলে এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আইনের সহযোগিতা চাইলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার বিষয়ে সেলিম মিয়া শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে জালাল উদ্দিন (৪৫), খোন্দকার আসাদ (৩৮), নূরে আলম (৩৫), হারুন মাস্টার (৫০), শফিকুল ইসলাম (৪০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে এই হামলা চালায়। এতে তার বাড়ির টিনের বেড়া এবং অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়। অভিযোগে আরও বলা হয়েছে, জালাল উদ্দিন ও তার সঙ্গীরা জমি থেকে সরে যেতে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছিল।
হামলার ঘটনায় শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত