পঞ্চগড় | ২৭ নভেম্বর ২০২৬
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নজরদারিতে যুক্ত করা হয়েছে ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিনের পাশাপাশি রাতেও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া বিভিন্ন স্থানে রাত্রিকালীন চেকপোস্ট স্থাপন করে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে অপরাধপ্রবণ ও দুর্গম এলাকাগুলোতে স্থল টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থলভাগে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্ত পরিস্থিতি।
শুধু নজরদারি ও অভিযানেই সীমাবদ্ধ থাকছে না বিজিবির কার্যক্রম। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য সীমান্তবর্তী এলাকায় মাইকিং এবং সচেতনতামূলক সভার আয়োজন করে সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত পারাপার, চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের সুরক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে আমাদের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি, নিয়মিত টহল এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
মতামত