কুর্দিস্তান অঞ্চল দিয়ে তেল পাচারের কারণে গত ১৭ বছরে ইরাকের ১০ হাজার কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে তেল রপ্তানির কারণে এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষ। এদিকে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সীমান্ত ও তেলসম্পদ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাগদাদ।
শুক্রবার ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল আবুদি জানান, ফেডারেল বোর্ড অব সুপ্রিম অডিটের প্রতিবেদনে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কুর্দিস্তান অঞ্চল থেকে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমোর (এসওএমও) বাইরে তেল রপ্তানির কারণে ১০ হাজার কোটি ডলারের বেশি ক্ষতির তথ্য উঠে এসেছে। এই অর্থের ক্ষতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এরই মধ্যে সিরিয়া ও ইরানের সঙ্গে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) পরিচালিত দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। সিরিয়ার সঙ্গে আল ওয়ালিদ এবং ইরানের সঙ্গে বাস্তা সীমান্ত ক্রসিং বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনীর প্রধান।
এর আগে গত বুধবার ইরাকের সর্বোচ্চ আদালত এক রায়ে কুর্দিস্তান অঞ্চলসহ সব আন্তর্জাতিক সীমান্তে কেন্দ্রীয় সরকারের সেনা মোতায়েনের অনুমতি দেন। পরে প্রধানমন্ত্রী আলি আল জায়েদি কেআরজির পরিচালিত সীমান্ত পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে নেওয়ার নির্দেশ দেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক সরকারের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন—তেল পাচার বন্ধ, দুর্নীতি নির্মূল এবং সব ধরনের অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।
তবে বাগদাদের এসব পদক্ষেপের বিরোধিতা করেছে কুর্দি কর্তৃপক্ষ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের উদ্যোগ কুর্দিস্তান অঞ্চলের সাংবিধানিক ক্ষমতার পরিপন্থী। গতকাল বৃহস্পতিবার কুর্দিস্থানের আঞ্চলিক রাজধানী ইরবিলে হাজারো মানুষ বিক্ষোভ করেন। এ সময় তাঁদের হাতে কুর্দিস্তানের পতাকা দেখা যায়।
এদিকে কুর্দিস্তানে সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে ইরাক সরকার। মুখপাত্র হায়দার আল আবুদি বলেন, কুর্দিস্তানের জনগণকে সুরক্ষা দেওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য, তাঁদের হুমকির মুখে ফেলা নয়। ওই অঞ্চলের দিকে সেনাবাহিনীর কোনো ইউনিট অগ্রসর হচ্ছে না।
বাগদাদ ও ইরবিলের মধ্যে ক্রমবর্ধমান সাংবিধানিক বিরোধ নিরসনে গত বুধবার এক বৈঠকে জাতীয় সংলাপ শুরুর সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নিজার আমেদি, পার্লামেন্ট স্পিকার হাইবাত আল হালবুসি এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়দান উপস্থিত ছিলেন।
মতামত