ঢাকা শহরে সেদিনও নিশ্চয়ই রিকশা চলেছে, কোনো বাড়িতে দুপুরের রান্না হয়েছে, কোনো শিশু স্কুল থেকে ফিরে মায়ের কাছে বায়না ধরেছে। কোথাও টেলিভিশনে পুরোনো কোনো নাটক পুনঃপ্রচারিত হয়েছে। পৃথিবীর স্বাভাবিক নিয়মে সবকিছু চলেছে। শুধু একজন মানুষ আর পৃথিবীর কোথাও ছিলেন না।
মাতিয়া বানু শুকু চলে গেছেন। খবরটি শোনার পর আমার প্রথমেই মনে হয়েছিল, এখন থেকে পৃথিবীর কোথাও একজন মানুষ আমাকে আর ফোন করে বলবেন না, 'অনিমেষ, আমাদের বাসায় আয়। হাঁস রান্না হইছে।'
মানুষের মৃত্যু সংবাদ কখনো কখনো খুব অদ্ভুতভাবে আসে। মনে হয়, কেউ বুঝি ভুল করেছে। এই তো সেদিন কথা হলো। এই তো কিছুদিন আগে দেখা হলো। এই তো মানুষটি ফোনের ওপাশে হাসছিলেন।
মৃত্যু বোধহয় মানুষের সঙ্গে কথা বলে না। সে নিঃশব্দে এসে পরিচিত মুখগুলোর মধ্য থেকে একটি মুখ সরিয়ে নেয়। তারপর আমাদের বাকি জীবন সেই মুখটিকে খুঁজে বেড়াতে হয়।
শুকু আপাকে আমি খুঁজব। খুঁজব চারুকলার কোনো পুরোনো করিডরে, উত্তরার একটি বাড়ির পরিচিত ঘরে, সাধুর শৈশবের ছবিতে, আতিক ভাইয়ের কোনো চলচ্চিত্রের দৃশ্যে। এমনকি কোনো একদিন হাঁসের মাংস খেতে বসেও হয়তো মনে হবে, শুকু আপা বুঝি পাশের ঘর থেকে ডাকবেন।
কিছু মানুষ চলে যাওয়ার পর তাঁদের স্মৃতিরা বাড়ি ছেড়ে যায় না। বরং বাড়ির প্রতিটি জিনিসে একটু একটু করে ছড়িয়ে পড়ে।
আমার ধারণা, শুকু আপার স্মৃতিরাও এমনই করবে। শুকু আপার সঙ্গে আমার পরিচয় চারুকলায়। তখন আমরা অনেক জুনিয়র। তিনি প্রিন্টমেকিং বিভাগের ছাত্রী। তাঁকে প্রথম দেখার স্মৃতি খুব পরিষ্কার নয়, কিন্তু তাঁর উপস্থিতির কথা মনে আছে। কিছু মানুষের মুখ মনে রাখার জন্য খুব বেশি চেষ্টা করতে হয় না। তাঁরা নিজেরাই স্মৃতির মধ্যে জায়গা করে নেন।
শুকু আপার মুখে একধরনের মায়া ছিল। কথা বলতেন স্পষ্ট করে। হাঁটাচলায় ছিল আত্মবিশ্বাস। ছবি আঁকার কৌশল ছিল অসাধারণ। দূর থেকে তাঁকে দেখতাম। তখনো জানতাম না, এই মেয়েটির সঙ্গে একদিন আমার জীবনের এতগুলো বছর জড়িয়ে যাবে।
পরে শুনলাম, তিনি শান্তিনিকেতনে গেছেন। ডোকরা শিল্প নিয়ে পড়াশোনা করবেন। প্রায় আড়াই বছর সেখানে ছিলেন।
শান্তিনিকেতন জায়গাটির মধ্যে এমনিতেই একটা রহস্য আছে। রবীন্দ্রনাথের গান, শালবীথি, লাল মাটি, শিল্পীদের আনাগোনা—সব মিলিয়ে জায়গাটিকে মনে হয় বাস্তব পৃথিবীর মধ্যেই অন্য কোনো পৃথিবী। শুকু আপাও সেখান থেকে ফিরে এলেন নিজের ভেতরে আরেকটি শিল্পীসত্তা নিয়ে।
এরপর তাঁর বিয়ে হলো নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে।
আমার কাছে আতিক ভাই তখন একজন প্রিয় নির্মাতা ও বড় ভাইয়ের মতো। বিয়ের পর শুকু আপার সঙ্গে সম্পর্কটাও বদলে গেল। দূর থেকে দেখা একজন শিল্পী ধীরে ধীরে হয়ে উঠলেন পরিবারের মানুষ।
প্রথমে তাঁরা থাকতেন এলিফ্যান্ট রোডে। পরে চলে গেলেন উত্তরায়। আমি প্রায়ই তাঁদের বাসায় যেতাম। কখনো কাজের প্রয়োজনে, কখনো কোনো অজুহাতে, আবার কখনো কোনো কারণ ছাড়াই।
আমার মনে হয়, মানুষের জীবনে কিছু বাড়ি থাকে, যেখানে যাওয়ার জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। দরজায় দাঁড়ালেই মনে হয়, এই বাড়ির ভেতরে আমারও কিছু স্মৃতি পড়ে আছে।
শুকু আপা ও আতিক ভাইয়ের বাড়ি আমার কাছে তেমনই একটি বাড়ি ছিল। সেই বাড়ির টেবিল, খাট, কম্পিউটার—কোনো কিছুই আমার কাছে কেবল আসবাব ছিল না। কোন টেবিলটি কখন কেনা হলো, কোন খাটটি ঘরে এল, কোন কম্পিউটারের সামনে বসে আতিক ভাই কাজ করতেন—এসবের প্রত্যক্ষ সাক্ষী আমি।
আজ মনে হয়, আমি আসলে তাঁদের সংসারের একজন অনানুষ্ঠানিক ইতিহাসবিদ ছিলাম। শুধু তখন বুঝিনি, ইতিহাস লিখতে গেলে একদিন এত স্মৃতি বুকের মধ্যে জমা হবে।
একদিন সেই বাড়িতে জন্ম নিল সাধু। শিশুদের জন্মের পর পৃথিবী একটু বদলে যায়। অন্তত তাদের ঘরের পৃথিবী। রাতের ঘুম বদলে যায়, মানুষের কথাবার্তা বদলে যায়, ঘরের সময়সূচি বদলে যায়। একটা ছোট্ট মানুষকে ঘিরে সবাই নতুন করে বাঁচতে শেখে।
সাধুর বয়স যখন চার-পাঁচ কিংবা ছয় মাস, তখন থেকেই তাকে কোলে-পিঠে করে বড় হতে দেখেছি। তার মুখে আধো আধো বুলি ফুটছে। আমরা সবাই আনন্দে আত্মহারা।
একদিন শুকু আপাকে বললাম, 'আপা, আমি সাধুকে নিয়ে ঘুরতে যাব।'
তিনি খুব সহজভাবে বললেন, 'নিয়ে যা।' সাধুর বয়স তখন এক বছরও হয়নি। তাকে নিয়ে চলে গেলাম চারুকলায়। সারাদিন ঘুরলাম। রাতে বাসায় ফিরলাম।
আজ ভাবলে অবাক লাগে। একজন মা তাঁর এত ছোট সন্তানকে অন্য একজন মানুষের সঙ্গে সারাদিনের জন্য পাঠিয়ে দিলেন! কী পরিমাণ বিশ্বাস থাকলে এমনটা সম্ভব?
সাধু তখনো ঠিকমতো কথা বলতে পারত না। কিন্তু আমার সঙ্গে তার একটা সখ্য তৈরি হয়েছিল। সে আমার কোলে থাকত, আমার সঙ্গে ঘুরত। পৃথিবী সম্পর্কে তার প্রথম দিককার কিছু স্মৃতির মধ্যে হয়তো চারুকলার সেই দিনটিও আছে।
আজ সেই সাধু বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কিংবা তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। সময় কখনো কখনো খুব নিষ্ঠুরভাবে বড় হয়। আমরা টের পাই না। একদিন যে শিশুকে কোলে নিয়ে ঘুরেছি, সে হঠাৎ একদিন আমাদের চেয়ে লম্বা হয়ে যায়। আর যে মানুষটি শিশুটিকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তিনি একদিন আর থাকেন না।
শুকু আপার জীবনের গল্প বলতে গেলে তাঁর শিল্পীসত্তার কথা বলতে হয়। তিনি প্রথমত একজন চিত্রশিল্পী। পরে চিত্রনাট্যকার। তারপর পরিচালক। একই সঙ্গে একজন প্রযোজকও।
আতিক ভাইয়ের সঙ্গে থাকতে থাকতে তাঁর মধ্যে চিত্রনাট্য লেখার আগ্রহ তৈরি হয়। প্রথম দিকে লিখতেন, গল্প করতেন, চরিত্র নিয়ে আলোচনা করতেন। কোনো চরিত্রের আচরণ কেমন হওয়া উচিত, একটি দৃশ্যের ভেতরে মানুষের মনস্তত্ত্ব কীভাবে প্রকাশ পেতে পারে—এসব নিয়ে তাঁর নিজস্ব ভাবনা ছিল।
আতিক ভাইয়ের 'লাবণ্য প্রভা', 'প্রজ্ঞা পারমিতা'সহ বিভিন্ন কাজের সঙ্গে তাঁর সৃজনশীল সম্পৃক্ততা ছিল। ধীরে ধীরে নিজেই নিয়মিত চিত্রনাট্য লিখতে শুরু করলেন।
'মনে মনে', 'ডেঙ্গুর দিনগুলিতে প্রেম'সহ বেশ কিছু নাটক ও টেলিভিশন কাজের মধ্য দিয়ে তাঁর লেখকসত্তা পরিচিতি পেতে থাকে। ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত 'টু লেট' দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে 'একটা কিনলে আরেকটা ফ্রি'র মতো ধারাবাহিকেও চিত্রনাট্য ও সহ-পরিচালনার দায়িত্ব পালন করেন।
কিন্তু শুকু আপার গল্পের সবচেয়ে অদ্ভুত অধ্যায়টি বোধহয় তাঁর নিজের নামকে ঘিরে।
তিনি অনেক কাজ করেছেন, যেগুলোর কোথাও তাঁর নাম ছিল না। কখনো অন্যের নামে লিখেছেন, কখনো অন্যের নামে পরিচালনা করেছেন। কাজটি তাঁর, পর্দায় দেখা যাচ্ছে অন্যের নাম।
এমন ঘটনা শুনলে প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়। একজন শিল্পী কেন নিজের নাম গোপন করবেন? তারপর ধীরে ধীরে বুঝতে পারি, সব শিল্পীর জীবন শিল্পের জন্য তৈরি হয় না। অনেক শিল্পীকে শিল্পের পাশাপাশি জীবনকেও বাঁচিয়ে রাখতে হয়।
আতিক ভাই একসময় চলচ্চিত্র নির্মাণের জন্য নিজের অধিকাংশ সময় বরাদ্দ রাখতে শুরু করলেন। সংসারের দায়িত্ব বাড়ল। এর মধ্যে পৃথিবীতে এল দ্বিতীয় সন্তান শান্তি।
শুকু আপা তখন পরিবারের প্রধান ভরসা হয়ে উঠলেন। তিনি আতিক ভাইকে স্বাধীনতা দিয়েছিলেন। লেখাপড়া, চলচ্চিত্র নির্মাণ, চিন্তাভাবনা, বুদ্ধিবৃত্তিক চর্চা—এসবের জন্য সময় দিয়েছিলেন। আর সংসারের বড় অংশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
ঢাকা শহরে একটি পরিবার টিকিয়ে রাখা সহজ নয়। বিশেষ করে যখন পরিবারের দুজন মানুষই শিল্পী। শিল্পীর আয় সব সময় নিয়মিত হয় না। স্বপ্নের কোনো নির্দিষ্ট বেতন নেই।
একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে কত বছর চলে যায়, তার কোনো নিশ্চয়তা নেই। শুকু আপা সেই অনিশ্চয়তার সংসারটিকে ধরে রেখেছিলেন।
তাঁর নিজের আরও অনেক কিছু করার ছিল। কিন্তু তিনি অনেক সময় নিজের স্বপ্নকে পেছনে সরিয়ে রেখেছেন।
ভার্জিনিয়া উলফের একটি বিখ্যাত বাক্য আছে—'For most of history, Anonymous was a woman.' ইতিহাসের অধিকাংশ সময়েই নামহীন মানুষটি ছিলেন একজন নারী।
শুকু আপার কথা ভাবলে বাক্যটি খুব মনে পড়ে। কত নারী যে পৃথিবীর অসংখ্য সৃষ্টির পেছনে থেকে যান, তাঁদের নাম লেখা হয় না। তাঁরা অন্যের কাজকে সম্ভব করেন, অন্যের স্বপ্নকে জায়গা করে দেন, অন্যের সাফল্যের জন্য নিজেদের সময় ব্যয় করেন।
শুকু আপা তাঁদের একজন ছিলেন কি না, সেই বিচার আমি করতে চাই না। কারণ তিনি নিজের পরিচয়েও একজন প্রতিষ্ঠিত স্রষ্টা। তবে তাঁর জীবনের কিছু অধ্যায় আমাদের ভাবতে বাধ্য করে—একজন নারীর প্রতিভা কতবার সংসারের প্রয়োজনের কাছে নীরবে মাথা নত করে!
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাসে কখনো কখনো মনে হয়, একটি বাড়ির ভেতরে সময়ের কয়েকটি প্রজন্ম একসঙ্গে বসবাস করছে। মৃত মানুষও সেখানে স্মৃতির ভেতর দিয়ে হেঁটে বেড়ায়। পুরোনো ঘরের দরজা খুললে অতীতের মানুষগুলো আবার ফিরে আসে।
আমারও আজ তেমন মনে হয়। শুকু আপার বাড়ির কথা মনে করলে আমি একই সঙ্গে কয়েকটি সময় দেখতে পাই।
একটি সময়ে সেখানে ছোট্ট সাধু হামাগুড়ি দিচ্ছে। আরেক সময়ে শুকু আপা চিত্রনাট্য নিয়ে কথা বলছেন। অন্য সময়ে আতিক ভাই কম্পিউটারের সামনে বসে আছেন। আবার কোনো এক সন্ধ্যায় আমি সেখানে গিয়ে আড্ডা দিচ্ছি। সব সময়গুলো একসঙ্গে এসে দাঁড়ায়।
কিন্তু সেই বাড়িতে এখন একটি সময়ের মৃত্যু হয়েছে। আমি জানি না, স্মৃতির কোনো ঘড়ি আছে কি না। থাকলে নিশ্চয়ই তার কাঁটা একই জায়গায় ঘুরে ঘুরে ফিরে আসে।
আমার স্মৃতির ঘড়িটি এখনো সেই বাড়িতে আটকে আছে। দুর্গাপূজার সময়ের একটি ঘটনা আমার খুব মনে পড়ে।
আমি একা থাকি। পূজার সময় কোথাও যাওয়ার জায়গা ছিল না। কেউ নিমন্ত্রণ করেনি। কী খাব, কোথায় যাব—এসব নিয়ে খুব একটা ভাবনাও ছিল না। একা থাকার একটা অভ্যাস তৈরি হয়ে যায়। মানুষ একসময় নিজের নিঃসঙ্গতাকেও স্বাভাবিক বলে মেনে নেয়।
কিন্তু শুকু আপা তা মেনে নেননি। আগের দিন রাত থেকে তিনি এবং আতিক ভাই বারবার ফোন করছিলেন। 'অনিমেষ, আমাদের বাসায় আয়। রাত হচ্ছে। হাঁস রান্না হইছে।'
আমি জানতাম, শুকু আপা তখন ক্যানসারে আক্রান্ত। খুব অসুস্থ। নিজের শরীর নিয়েই তাঁর যুদ্ধ চলছে। তারপরও তিনি আমাকে ফোন করে যাচ্ছিলেন।
এখানে এসে আমার মনে হয়, পৃথিবীর সব বড় ভালোবাসার ভাষা হয়তো খুব সাধারণ। কেউ কাউকে বলে না, 'তুমি আমার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ।' বরং বলে, 'খেয়ে যাস।' কেউ বলে না, 'তোমার একাকিত্ব আমাকে কষ্ট দেয়।' বরং বলে, 'রাত হচ্ছে, বাসায় আয়।'
শুকু আপা আমাকে হাঁসের মাংস খেতে ডাকছিলেন। অথচ সেই ডাকের মধ্যে ছিল এক মানুষের নিঃসঙ্গতার প্রতি আরেক মানুষের মমতা।
রবীন্দ্রনাথের একটি পঙ্ক্তি মনে পড়ে— 'মানুষের ধর্ম মানুষের প্রতি ভালোবাসা।' আমি জানি না, ঠিক এই কথাতেই রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছিলেন। তবে শুকু আপার আচরণের মধ্যে আমি এই কথাটির খুব সাধারণ অথচ গভীর একটি অর্থ খুঁজে পাই। ক্যানসার শব্দটি আমাদের জীবনে এসেছিল প্রায় একই সময়ে।
আমার মায়ের ফোর্থ স্টেজ ক্যানসার ধরা পড়েছে। সেই সময় শুকু আপারও ক্যানসার শনাক্ত হলো।
একদিন শুকু আপা আমাদের বাসায় এলেন। একটি জটিল পরীক্ষা করানোর জন্য যাবেন। সিটি স্ক্যান কিংবা এ ধরনের কোনো পরীক্ষা।
আমি তাঁকে অনেক সাহস দিয়েছিলাম। তিনি আমার বাসায় দীর্ঘ সময় বসেছিলেন।
যাওয়ার সময় তাঁর ব্যাগে কয়েকটি কলা ও এক বোতল পানি দিয়ে বলেছিলাম, 'শুকু আপা, পরীক্ষা করাতে করাতে যদি ক্লান্ত হয়ে যান, ক্ষুধা লাগে, তাহলে খেয়ে নেবেন, প্লিজ।'
এই সামান্য ঘটনাটি আজও আমার মনে আছে। কখনো কখনো মানুষের জীবনে বড় বড় উপহার নয়, একটি কলা আর এক বোতল পানিই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। কারণ জিনিসটির চেয়ে তখন বড় হয়ে ওঠে দেওয়ার মুহূর্তটি।
চিকিৎসার জন্য শুকু আপা ও আতিক ভাই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার মায়ের যাওয়ার কথা ছিল ৮ তারিখ, তাঁদের ৭ তারিখ। পরিকল্পনা ছিল, চেন্নাই গিয়ে আমরা একসঙ্গে একটি বাসায় থাকব।
কিন্তু জীবন সব পরিকল্পনার অনুমতি দেয় না। শুকু আপা ও আতিক ভাই চলে গেলেন। আমাদের আর একসঙ্গে থাকা হলো না। পরবর্তী সময়ে আমার মা মারা গেলেন।
চেন্নাইয়ে থাকার সময় শুকু আপা ও আতিক ভাই নিয়মিত ফোন করতেন। কখনো ভিডিও কল, কখনো অডিও কল। আমি জিজ্ঞেস করতাম, 'শুকু আপা, কেমন লাগছে?' তিনি হাসিমুখে বলতেন, 'কেমন লাগছে, এটা বলার ভাষা আমার নেই।'
ব্যথার কথা বলতেন। চিকিৎসার কথা বলতেন। কিন্তু তাঁকে কখনো আমার কাছে ভেঙে পড়তে দেখিনি।
আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত বাক্য আছে— 'The world breaks everyone, and afterward, some are strong at the broken places.' পৃথিবী সবাইকে ভাঙে। তারপর কেউ কেউ ভাঙা জায়গাগুলোতেই শক্ত হয়ে ওঠে।
শুকু আপাকে দেখলে এই কথাটি মনে হতো। তিনি যন্ত্রণা অস্বীকার করতেন না, কিন্তু যন্ত্রণাকে নিজের সমস্ত পরিচয় হতে দিতেন না।
একসময় তাঁরা বাংলাদেশে ফিরলেন। ১৭ তারিখ। এই মাসেই আবার বিদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু শরীর ক্রমশ খারাপ হতে থাকল।
আমার মায়ের চিকিৎসা করেছিলেন স্কয়ার হাসপাতালের চিকিৎসক অরুণাংশু দাস। সেই সূত্রে তাঁর সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।
আতিক ভাই ও শুকু আপা অনুরোধ করলেন, যেন আমি অরুণাংশুকে বিষয়টি জানাই।
এরপর শুকু আপা তাঁর অধীনে চিকিৎসা নিতে শুরু করলেন। ঢাকায় এক-দুটি কেমোথেরাপি হলো।
এক মাস আগের একটি ঘটনা আমার মনে গেঁথে আছে। শুকু আপা কেমোথেরাপি নিতে এসেছেন। আতিক ভাই অসুস্থ। অন্যরাও ব্যস্ত। শুকু আপা প্রায় একাই এসেছেন। আতিক ভাই আমাকে ফোন করে বললেন, 'অনিমেষ, তুই যা। শুকুকে কেমো দেওয়ানোর ব্যবস্থা কর।'
আমি গেলাম। কিছু সময় তাঁর সঙ্গে থাকলাম। প্রয়োজনীয় কাজ শেষে একটি উবার ডেকে দিলাম। তিনি বাসায় ফিরে গেলেন। আমার মনে হচ্ছিল, এই মানুষটিকে একসময় কতবার অন্যদের জন্য ছুটতে দেখেছি। আজ নিজের চিকিৎসার জন্য তাঁকে একা আসতে হচ্ছে।
অথচ তিনি কখনো নিজেকে অসহায় হিসেবে দেখাতে চাইতেন না।
জীবন এমনই। যে মানুষটি অন্যদের জন্য ছাতা ধরে রাখেন, একদিন বৃষ্টির মধ্যে তাঁকেও একা দাঁড়িয়ে থাকতে হয়।
শুকু আপা শুধু নাটক ও টেলিফিল্মের নির্মাতা ছিলেন না। চলচ্চিত্র প্রযোজনাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তাঁর প্রযোজিত 'লাল মোরগের ঝুঁটি' ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের স্বীকৃতি পায়। এটি তাঁর জীবনের একটি বড় অর্জন।
কিন্তু আমার মনে হয়, তাঁর কাজের তালিকা তৈরি করতে গেলে শুধু নাটক, টেলিফিল্ম কিংবা চলচ্চিত্রের নাম লিখলে তাঁকে পুরোপুরি চেনা যাবে না।
তাঁর আরেকটি বড় কাজ ছিল একটি পরিবারকে টিকিয়ে রাখা। দুই সন্তানকে বড় করা। একজন নির্মাতার পাশে দাঁড়ানো। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে জীবনের কঠিন সময়গুলো পার করা।
সিমোন দ্য বোভোয়ার নারীর অস্তিত্ব ও স্বাধীনতা নিয়ে লিখেছেন। তাঁর ভাবনার একটি বড় জায়গা হলো—নারীকে কেবল অন্যের সম্পর্কের পরিচয়ে নয়, নিজের অস্তিত্ব ও কাজের মধ্য দিয়ে দেখতে হবে।
শুকু আপাকে নিয়ে লিখতে বসে আমি এই কথাটিই বারবার ভাবছি। তিনি শুধু কারও স্ত্রী ছিলেন না। শুধু কারও মা ছিলেন না। শুধু কারও সংসারের দায়িত্বে থাকা একজন নারী ছিলেন না।
তিনি মাতিয়া বানু শুকু। একজন চিত্রশিল্পী। একজন চিত্রনাট্যকার। একজন পরিচালক। একজন চলচ্চিত্র প্রযোজক।
আর আমার কাছে—একজন ভীষণ মায়াবী মানুষ। আজ তাঁর মৃত্যুর পর মনে হচ্ছে, আমরা হয়তো তাঁর অনেক কাজের যথাযথ হিসাব রাখিনি। হয়তো অনেক কাজের কৃতিত্ব তাঁকে দেওয়া হয়নি। হয়তো তাঁর নিজের শিল্পীজীবনের আরও বড় হওয়ার সুযোগ ছিল।
কিন্তু মানুষের জীবনের হিসাব কি এত সহজ? যে মানুষটি অন্যের নামে কাজ করে গেছেন, তাঁর নিজের নাম কি সত্যিই হারিয়ে যায়? না। আমি তা মনে করি না।
নাম কখনো কখনো কাগজে থাকে না, কিন্তু মানুষের জীবনে থেকে যায়।
শুকু আপার নাম আমার জীবনে থাকবে। সাধুর শৈশবের সঙ্গে থাকবে। শান্তির বেড়ে ওঠার সঙ্গে থাকবে। আতিক ভাইয়ের চলচ্চিত্রের স্মৃতির সঙ্গে থাকবে। চারুকলার পুরোনো দিনগুলোর সঙ্গে থাকবে। থাকবে সেই হাঁস রান্না করা রাতের ফোনে।
কোনো একদিন হয়তো আমি আবার তাঁদের বাড়িতে যাব। হয়তো আতিক ভাইয়ের সঙ্গে বসে কথা বলব। হয়তো সাধু কিংবা শান্তির সঙ্গে দেখা হবে। ঘরের কোনো কোণে শুকু আপার ব্যবহার করা কোনো জিনিস চোখে পড়বে। আমি জানি, তখন খুব স্বাভাবিকভাবেই মনে হবে, শুকু আপা একটু পরেই এসে বলবেন, 'কী রে, এতদিন পর এলি?'
আমি উত্তর দেব না। শুধু তাকিয়ে থাকব। কারণ কিছু প্রশ্নের উত্তর দিতে হয় না। কিছু মানুষের অনুপস্থিতি এতটাই জীবন্ত যে, সেখানে কথার প্রয়োজন পড়ে না।
শুকু আপা, আপনাকে নিয়ে আমার অনেক কথা বলার ছিল। হয়তো আরও অনেক বছর আপনার সঙ্গে কাটানোর কথা ছিল। সাধুর বড় হওয়া, শান্তির জীবন, আতিক ভাইয়ের নতুন চলচ্চিত্র—এসব নিয়ে আরও কত আড্ডা হতে পারত।
কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেল।
আপনাকে ধরে রাখার সাধ্য আমার ছিল না। আমাদের কারও ছিল না।
তবু আমার বিশ্বাস, মানুষের জীবন শুধু তার জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী সময় দিয়ে মাপা যায় না। সে কতজন মানুষের জীবনে মায়া রেখে গেল, কতজনকে সাহস দিল, কতজনের নিঃসঙ্গ দুপুরে ফোন করল—সেই হিসাবও গুরুত্বপূর্ণ।
আপনি আমার জীবনে সেই মায়াটুকু রেখে গেছেন। যদি পরপার বলে সত্যিই কোনো জায়গা থাকে, সেখানে আবার দেখা হবে।
আর যদি না থাকে, তাহলে দেখা হবে ইথারে, আকাশে, বাতাসে, প্রান্তরে।
হয়তো কোনো এক অচেনা সন্ধ্যায় বাতাসে হাঁসের মাংসের গন্ধ ভেসে আসবে। আমি হঠাৎ থমকে দাঁড়াব। মনে হবে, কেউ একজন ডাকছেন।
'অনিমেষ, আমাদের বাসায় আয়।' আমি জানব, সেই ডাক আপনারই। ভালো থাকুন, শুকু আপা। আপনাকে খুব ভালোবাসি।
মতামত