পাবনার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক মীর্জা গোলাম রব্বানীর মৃত্যুতে পাবনাসহ দেশের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
২৬ নভেম্বর আনুমানিক ভোর ৬টার দিকে পাবনা শহরের রাধানগর রথঘর এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, চারজন নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বালিয়াহালট গোরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কবি ও প্রাবন্ধিক মীর্জা গোলাম রব্বানী দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার সম্মানিত উপদেষ্টা এবং একুশে বইমেলা উদযাপন পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কবিতা ও প্রবন্ধ রচনার মধ্য দিয়ে তিনি পাবনার সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন; জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনার সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, সহসভাপতি কবি আলমগীরুল নিউটন ও সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক মো. সুমন আলী; ঈশ্বরদীর নোঙর-এর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান; সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুর হক দুদু; দৈনিক টেন স্টার বিডি টোয়েন্টিফোর-এর ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার হোসেন রকি।
এ ছাড়া শোক জানিয়েছেন উত্তরণ পাবনার সহসভাপতি কবি মো. বেলাল হোসেন ও মাসুদ হাসান রনি এবং সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম,সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, মহীয়সী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি কবি রেহানা সুলতানা শিল্পী; বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার; রাজশাহীর কবি ও গবেষক মো. জহুরুল ইসলাম; কবি ইদরিস আলী মধু; পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আসমা আক্তার খুকি; তালছন্দ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান স্বপন; কবি ও রন্ধনশিল্পী, সোনিয়াস কিচেনের স্বত্বাধিকারী সৈয়দা সোনিয়া খাতুন; পাবনা থিয়েটার ৭৭-এর সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম হেলাল ও যুগ্ম সম্পাদক জাহানারা সিদ্দিকী মুক্তা এবং জেলা ফকির সাধু বাউল শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুম মীর্জা গোলাম রব্বানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের শোক সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
মতামত