কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ পাঁচজন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন,চকরিয়ার খুটাখালী নলবনিয়া এলাকার শামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন, বান্দরবানের লামা উপজেলার ছাবের আহমদের ছেলে সাইফুল ইসলাম এবং ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়ার জসিম উদ্দিন। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কক্সবাজারমুখী ‘হানিফ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়ামুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে পাঁচজনের মৃত্যু হয়।
উদ্ধারকাজে অংশ নেওয়া ডালার দোয়ারের মোহাম্মদ রিয়াদ জানান, বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈদগাঁও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাযদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত