জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে কক্সবাজারের টেকনাফের আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আবু তাহের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা পাড়ার বাসিন্দা।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত দালিলিক প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।
আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেন। দুই ধারায় মোট ছয় বছরের সাজা ঘোষণা করা হয়।
মামলার নথি অনুযায়ী, আবু তাহেরের নামে ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি তাঁর বৈধ আয়ের সঙ্গে ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার সম্পদের অসংগতি পাওয়া যায়।
এ ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
আদালতের এ রায়কে দুর্নীতির বিরুদ্ধে আইনের প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মতামত