নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে অবৈধ ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার নেপালপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে মোঃ দেলোয়ার (৪১) নামের এক ব্যক্তিকে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মোঃ আব্দুস ছাত্তারের ছেলে।
অপরদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার বাদ জামগ্রাম গ্রামের নিজ বসতবাড়ির সামনে থেকে মোঃ সাইদুল ইসলাম (৪৫) নামের আরেক ব্যক্তিকে ১৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ছবির উদ্দিনের ছেলে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে পত্নীতলা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত