মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত, পাহাড়ে সাঁড়াশি অভিযানের দাবি স্থানীয়দের
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। এদিকে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পাহাড়ে সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
এ ঘটনায় প্রতিবাদ জানাতে শুক্রবার জুমার নামাজের পর টেকনাফের বিভিন্ন স্থানে মানববন্ধনের ডাক দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালায়।
এ সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। পাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।
অভিযানে মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশ অংশ নেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড় থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তাঁদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই চলছে। সেনাসদস্য নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ৫৭ জনকে উদ্ধারের কথা বলা হলেও পরবর্তী যাচাই-বাছাইয়ে তাঁদের মধ্যে একজন দালাল হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে প্রকৃত জিম্মির সংখ্যা ৫৬ জন।
আট দিন ঝুপড়িতে বন্দি ছিলেন আসাদুজ্জামান
উদ্ধার হওয়া ফরিদপুরের বাসিন্দা আসাদুজ্জামান জানান, তাঁকে আট দিন ধরে পাহাড়ের একটি ঝুপড়ি ঘরে আটকে রাখা হয়েছিল।
দুইবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তাঁর দাবি, পাহাড়ে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র পাহারাদল ছিল।
তিনি জানান, কক্সবাজারের একটি ব্রিজে চাকরির সুবাদে উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা ইমামুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ক্যাম্পে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে ডেকে নেওয়া হয়।
এরপর মোবাইল ফোনসহ তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র কেড়ে নিয়ে রাতে সিএনজিচালিত অটোরিকশায় পাহাড়ে নিয়ে যাওয়া হয়।
আসাদুজ্জামানের ভাষ্য, সেখানে গিয়ে তিনি তাঁর মতো আরও অর্ধশতাধিক মানুষকে বন্দি অবস্থায় দেখতে পান।
দুই দিন আগে শতাধিক নৌকাসহ একটি ট্রলার সাগরপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
তাঁকেও আরও পাঁচজনের সঙ্গে সেখানে নেওয়ার চেষ্টা করা হয়েছিল।
তবে জায়গা না থাকায় সেদিন ট্রলারে তোলা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার তাঁদের সাগরপথে পাচারের পরিকল্পনা ছিল। এর আগেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
এক লাখ টাকায় বিক্রির অভিযোগ
উদ্ধার হওয়া উখিয়ার সেবতখালীর বাসিন্দা মো. সাইফুল ও মিজানুর রহমান সাগর অভিযোগ করেন, কাজ দেওয়ার কথা বলে নূরালী নামে এক ব্যক্তি তাঁদের মানব পাচারকারীদের হাতে তুলে দেন।
পরে পাচারকারীদের কাছ থেকেই তাঁরা জানতে পারেন, তাঁদের দুজনকে এক লাখ টাকায় কেনা হয়েছে।
তাঁদের দাবি, পাঁচ দিন ধরে প্রতিদিন চার-পাঁচজন করে নতুন মানুষকে সেখানে আনা হচ্ছিল।
কেউ কথা বলতে চাইলে তাঁকে মারধর করা হতো। পালানোর চেষ্টা করায় তাঁরাও নির্যাতনের শিকার হন। পরে তাঁদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
তাঁরা আরও জানান, দিনে মাত্র দুই বেলা খাবার দেওয়া হতো। খাবার হিসেবে দেওয়া হতো কাঁচা কদু ও ডাল।
বৃহস্পতিবার তাঁদের ট্রলারে তুলে সাগরপথে পাচারের পরিকল্পনা ছিল। এর আগেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
পাহাড়ে সাঁড়াশি অভিযানের দাবি স্থানীয়দের
স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্ক ভাঙতে সাঁড়াশি অভিযান প্রয়োজন।
তাঁর অভিযোগ, প্রতিদিনই পাহাড়ে গুলির শব্দ শোনা যায়।
বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যংয়ের বিভিন্ন পাহাড়ে সশস্ত্র অপরাধীদের আস্তানা গড়ে উঠেছে। এসব আস্তানা নির্মূলে সমন্বিত অভিযান জরুরি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পাহাড়কেন্দ্রিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দিন দিন বাড়ছে।
বিশেষ করে শীত মৌসুমে মানব পাচারকারীদের আনাগোনা বৃদ্ধি পায়। সাধারণ মানুষ এসব অপরাধী চক্রের কাছে অনেকটা অসহায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে পাহাড়ে সাঁড়াশি অভিযান অত্যন্ত জরুরি।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। মানববন্ধনের বিষয়েও প্রশাসন খোঁজখবর রাখছে।
তিনি আরও বলেন, সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় প্রশাসন গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সেনাসদস্য নিহতের ঘটনায় পুরো টেকনাফজুড়ে শোক ও উদ্বেগের পাশাপাশি পাহাড়কেন্দ্রিক অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা চিহ্নিত করে দ্রুত নির্মূল করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মতামত