বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ঐতিহাসিক ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আগামীকাল ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ৬ দিনব্যাপী ‘তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি ২০২৬’। এই আয়োজন চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে আয়োজনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি গণমাধ্যমকে অবহিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
“নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন”—এবারের ক্যাম্পুরির এই মূল প্রতিপাদ্য সামনে রেখে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্যাম্প চিফ ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার (এএলটি) মো. আখতারুজ্জামান।
তিনি জানান, রংপুর বিভাগের ৮টি জেলা (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা) থেকে ১৩০টি ইউনিটের কাব স্কাউট, গার্ল-ইন-কাব স্কাউট, ইউনিট লিডার, স্কাউটার, স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট ও কর্মকর্তাবৃন্দসহ প্রায় ১,২০০ জনেরও বেশি প্রতিনিধি এই মহাযজ্ঞে অংশ নিচ্ছেন।
আগামীকাল ৫ নভেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সভাপতি মোহাম্মদ রফিকুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, কোমলমতি শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক গুণাবলির সুষম বিকাশ সাধন; দলগত কাজ, খেলাধুলা ও তাঁবু জীবনের মাধ্যমে নেতৃত্বগুণ, শৃঙ্খলা, পরোপকারিতা ও দেশপ্রেমের শিক্ষা প্রদান এবং প্রকৃতির সান্নিধ্যে এনে পরিবেশ সচেতনতা তৈরি ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই এই ক্যাম্পুরির আয়োজন করা হয়েছে।
সার্বিক ব্যবস্থাপনা ও ক্যাম্পুরি প্রস্তুতি:
খুদে কাব স্কাউটদের মানসম্মত খাদ্য সরবরাহ, সাময়িক আবাসন, সুপেয় পানি, স্যানিটেশন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ১০টি চ্যালেঞ্জের মাধ্যমে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য ক্যাম্পুরি প্রাঙ্গণে ২টি ভিলেজ ও ৪টি সাব-ক্যাম্প স্থাপন করা হয়েছে:
* ভিলেজ-১ (‘রামসাগর’): এর অধীনে রয়েছে সাব-ক্যাম্প ১ (নাগর) ও সাব-ক্যাম্প ২ (ধরলা)।
* ভিলেজ-২: এর অধীনে রয়েছে সাব-ক্যাম্প ৩ (ঘাগট) ও সাব-ক্যাম্প ৪ (চিকলী)।
এই বিশাল আয়োজন সফল করতে জেলা প্রশাসন, ব্যবসায়ী মালিক সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, নেসকো, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা খাদ্য নিয়ন্ত্রক, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদান করছে।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মিঠু এবং ট্রেজারার আরিফুজ্জামান, আবু সাঈদ সদস্য সচিব, ক্যাম্পুরি সাংগঠনিক কমিটি ও সম্পাদকসহ
অন্যান্য রোভার স্কাউটরা।
তারা ক্যাম্পুরিটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
মতামত