কক্সবাজারের টেকনাফে মাদকের একটি চালান আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হ্নীলা ইউনিয়নের পানখালী পাহাড় ও লেছুয়াপ্রাংয়ের মরুং পাড়া সংলগ্ন গহিন পাহাড় থেকে পৃথকভাবে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের সঙ্গে থাকা অপর একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন আহতদের একজন।
বুধবার (৪ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসসংলগ্ন এলাকা থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় দাড়িওয়ালা এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর পরিচয় মোক্তার কামাল হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই ইউনিয়নের লেছুয়াপ্রাংয়ের মরুং পাড়া সংলগ্ন গহিন পাহাড় থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দ্বিতীয় মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসেনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার বাসিন্দা আলী আহমদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
**মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন**
উদ্ধার হওয়া আহত ইলিয়াসের দাবি, মাদকের একটি চালান চেকপোস্ট পার করে হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি গ্রুপের কাছে হস্তান্তরের পথে ডাকাত দলের সদস্যরা চালানটি ছিনিয়ে নেয়।
পরে ছিনিয়ে নেওয়া চালানের ৭০ হাজার টাকা উদ্ধার করা হলেও বাকি ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান তাঁদের চারজনকে বিচারের কথা বলে সোমবার রাতে হ্নীলার একটি গ্রুপের হাতে তুলে দেন।
পরে তাঁদের পাহাড়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়। ওই ব্যক্তিদের কাছে অস্ত্রও ছিল বলে দাবি করেন তিনি।
নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয় বলে দাবি করেন ইলিয়াস। পরে আহত দুজনকে উদ্ধার করা হলেও তাঁদের সঙ্গে থাকা অপর একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
আহত ইলিয়াস আরও দাবি করেন, মাদকের ওই চালানটির মালিক হ্নীলা এলাকার এক মাদক কারবারি।
**পুলিশের বক্তব্য**
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হ্নীলার দুটি পৃথক পাহাড়ি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মতামত