জীবিকার একমাত্র অবলম্বন চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন দরিদ্র ভ্যানচালক বাহাদুর। অবশেষে নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় নাটোর থেকে উদ্ধার হয়েছে তাঁর চুরি হওয়া ভ্যান। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হারানো ভ্যান ফিরে পেয়ে আবেগাপ্লুত বাহাদুর ফুল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ভুক্তভোগী বাহাদুর (৫০), পিতা মৃত জফির, সাং- রাজাপুর, থানা- রাণীনগর, জেলা- নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে জানান, নওগাঁ শহর থেকে প্রতারণার মাধ্যমে তাঁর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে। ভ্যানটি কেনার কিস্তিও এখনো পরিশোধ করা বাকি রয়েছে।
বাহাদুরের অভিযোগ শুনে পুলিশ সুপার নওগাঁ সদর থানায় মামলা রুজু করে জেলা গোয়েন্দা শাখাকে চুরি হওয়া ভ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিশেষ নির্দেশনা দেন।
এরপর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল নওগাঁ জেলা পুলিশের বাস্তবায়িত এআই-সংযুক্ত ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর নাটোর সদর ও নলডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম (৪৮), পিতা আঃ হক, সাং- রঘুনাথপুর, নর্দগ্রাম, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ এবং তাঁর ছেলে নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় সালামের হেফাজত থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।
ভ্যানটি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন বাহাদুর। নিজের উপার্জনের একমাত্র অবলম্বন ফিরে পাওয়ার আনন্দে তিনি পুলিশ সুপারের সামনে ভ্যান চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে ফুল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ভ্যানটি কেনার কিস্তি এখনো বাকি থাকায় এটি ফিরে পাওয়া বাহাদুরের জন্য ছিল অনেক বড় স্বস্তির বিষয়। তাঁর এই ফুলেল শুভেচ্ছা জেলা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার আস্থা, ভালোবাসা ও মানবিক সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত হয়ে রইল।
মতামত