কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া পোটলা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালংখালী বিওপির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুইজ্জা খাল এলাকার মিজানের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে প্রবেশ করতে দেখে সন্দেহ করে।
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পোটলাগুলো ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ১৫ কাটে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছে।
মতামত