সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী ‘রোড ক্র্যাশ ইনভেস্টিগেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপের (জিআরএসপি) যৌথ উদ্যোগে এবং ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি ডিএমপির ট্রাফিক বিভাগের ১০ জন কর্মকর্তাকে নিয়ে একটি দক্ষ তদন্তকারী দল গঠনের প্রস্তাব দেন। এ দল ভবিষ্যতে অন্যান্য পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ঢাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনার তদন্ত কার্যক্রমে দক্ষতা ও গতি বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সড়ক নিরাপত্তা উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। সড়ক দুর্ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা অনিবার্য কোনো ঘটনা নয়। দুর্ঘটনার পেছনে থাকা বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, সড়ক নকশা ও নির্মাণের ত্রুটি, চালকের ভুল এবং সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন ও সড়কব্যবস্থা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পুলিশ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জিআরএসপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোন্স। প্রশিক্ষণে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দুর্ঘটনার যথাযথ তদন্তের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ, ঘটনাস্থলের স্কেচ বা নকশা তৈরি এবং ছবি তুলে ঘটনার প্রমাণ সংরক্ষণের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। এসব কৌশল তদন্তকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে সহায়তা করবে।
কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে প্রয়োগ করা হলে তবেই সক্ষমতা বৃদ্ধির প্রকৃত সুফল পাওয়া যাবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সড়ক দুর্ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ত্রুটিগুলো চিহ্নিত করতে পারবেন। এর ভিত্তিতে নীতিনির্ধারক ও প্রকৌশলীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়ককে আরও নিরাপদ করতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সড়ক দুর্ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ত্রুটিগুলো চিহ্নিত করতে পারবেন। এর ভিত্তিতে নীতিনির্ধারক ও প্রকৌশলীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়ককে আরও নিরাপদ করতে পারবেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-ঢাকা উত্তর) এ এস এম শামসুর রহমান ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মিনা মাহমুদা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. তারেক জুবায়ের, ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন, বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর রেজাউর রহমান, সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর ড. তানভীর ইবনে আলী এবং কমিউনিকেশন অফিসার মো. মাহামুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত