মালয়েশিয়ায় পাচারের প্রলোভন দেখিয়ে মিয়ানমারে নেওয়ার অভিযোগ, মুক্তিপণ আদায় ৯৫ হাজার টাকা
কক্সবাজারের টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা।
এ সময় মানবপাচারের শিকার ১৪ বছর বয়সী দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ক্যাম্প-২২-সংলগ্ন এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মানবপাচার মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুতুপালং ক্যাম্প-৭-এর বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪৩) এবং উনচিপ্রাং ক্যাম্প-২২-এর বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৩১)।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো সৈয়দুল আমিন (১৪) ও মফিজুর রহমান (১৪)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ (ই)-এর বাসিন্দা।
১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, গত ৬ অক্টোবর মানবপাচারকারী চক্রের সদস্যরা মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই কিশোরকে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নদীপথে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৯৫ হাজার টাকা আদায় করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
রিপোর্টে আরও বলা হয়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে দুই কিশোরকে উনচিপ্রাং এপিবিএন চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মানবপাচারের শিকার দুই কিশোরকে উদ্ধার এবং মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার হওয়া কিশোর এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যথাযথ এপিবিএন এসকর্টের মাধ্যমে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নং-৮৩, বার্ষিক নং-৯২১ রুজু করা হয়েছে। ইনসিডেন্ট রিপোর্টে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারার উল্লেখ রয়েছে।
মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত