শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'সহায়'। মাত্র ৫ টাকার বিনিময়ে পূজার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ '৫ টাকার পূজার বাজার' বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে প্রায় ৩৫০ জন দরিদ্র ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
৫ টাকার এই বিশেষ পূজার বাজার প্যাকেজে ছিল— ১ কেজি পোলাও চাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১টি নারকেল এবং ৭০০–৮০০ গ্রাম ওজনের ১টি লেয়ার মুরগি।
সংগঠনের আহ্বায়ক মো. ফারুক হোসেন জুলুর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আরাফাত হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা চৌধুরী মহিবুল্লাহ আবু নুর। এছাড়াও উপস্থিত ছিলেন 'সহায়'-এর উপদেষ্টা ডা. শুভেন্দু কুমার দেবনাথ, সত্য প্রসাদ ঘোষ, যুগ্ম আহ্বায়ক ফকরুল আলম লিফাত, সদস্য মো. আহমাদুর রহমান কাজলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "দেশের যেকোনো সংকটকালে কিংবা উৎসব-পার্বণে 'সহায়' সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনাকালীন দুর্যোগ, রমজান মাসের ৫ টাকার বাজারসহ নানা মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।" আগামীতেও তারা এভাবেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন।
মতামত