আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। এই উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ ও অনুদান বিতরণ কর্মসূচি পালিত হয়।
গত কয়েক দিন থেকে মোহাম্মদপুর ইউনিয়নের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইউনিয়নের সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা পূজা কমিটির নেতৃবৃন্দ ও সমবেত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের শারদীয় শুভেচ্ছা বার্তা ও ব্যক্তিগত অনুদান হস্তান্তর করেন।
অনুদান বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সবসময় সকল ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন ভাইয়ের পক্ষ থেকে আমরা এই শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে এসেছি।" তিনি আসন্ন উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় জেলা, উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং শুভেচ্ছা ও অনুদান গ্রহণের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতামত