দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের (ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন) আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর ছিদ্দীক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. শামীম কবির এবং পরিচালক মনজুর মোরশেদ সুমন। এ সময় চেম্বারের পরিচালক শামীম কবির অপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক সায়মন। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে রুবাইয়াত বিনতে নূর, রেজওয়ানা পারভীন সিনথিয়া ও মুস্তাহিদা চৌধুরী রুমি বক্তব্য দেন।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বহুমুখী পাটজাত পণ্য তৈরিতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পাটভিত্তিক নতুন ব্যবসার সম্ভাবনা তৈরিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মতামত