রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে জমি কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। দলিলে ৩৭ শতাংশ জমি উল্লেখ থাকলেও বাস্তবে ৩০ থেকে ৩২ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তাঁদের দাবি, জমির অংশ হিসেবে প্রায় ৩০ বছর আগে নির্মিত একটি সরকারি পাকা সড়কও বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জমির দখল নিয়ে প্রতিবাদ করায় মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে জমির বিক্রেতা মঞ্জু মন্ডলের বিরুদ্ধে। ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর ও সহযোগীদের আক্রমণাত্মক আচরণের অভিযোগও পাওয়া গেছে।
ভুক্তভোগীদের ভাষ্য, প্রবাসী স্বজনের পাঠানো অর্থ, কৃষিকাজ ও দিনমজুরির আয় থেকে বছরের পর বছর সঞ্চয় করে তাঁরা জমি কিনেছেন। কিন্তু রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরও পুরো জমির দখল বুঝে না পাওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী রাসেল শেখ ও জুলেখা গত ৬ সেপ্টেম্বর এ ঘটনায় উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানায় মঞ্জু মন্ডল এবং নাসির উদ্দিন জোয়ারদ্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল শেখ, আকুল ও বিকুল প্রায় এক বছর আগে জামির শেখের মধ্যস্থতায় মঞ্জু মন্ডলের কাছ থেকে ৩৭ শতাংশ জমি কেনেন। রাসেল শেখের অভিযোগ, দলিলে ৩৭ শতাংশ জমি উল্লেখ থাকলেও সরেজমিনে প্রায় ৩০ থেকে ৩২ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে সরকারি পাকা সড়কের অংশও রয়েছে বলে দাবি তাঁর।
জমি কেনাবেচার মধ্যস্থতাকারী জামির শেখ বলেন, সরকারি সড়কসহ জমি বিক্রির কোনো আলোচনা হয়নি। জমি কেনাবেচার প্রত্যক্ষ সাক্ষী আওয়াল শেখও বলেন, সরকারি পাকা সড়ক কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে কেনাবেচা করার সুযোগ নেই।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর জমি বুঝিয়ে দেওয়ার সময় মঞ্জু মন্ডল গাছপালা তুলে জমির দখল নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে রাসেল শেখকে মারধর করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একই এলাকায় জমি কিনে কম জমি পাওয়ার অভিযোগ করেছেন জুলেখাসহ আরও কয়েকজন। জুলেখার দাবি, তিনি ১০ শতাংশ জমি কিনলেও মাপজোখে প্রায় ৮ শতাংশ জমি পাওয়া যাচ্ছে। দলিল অনুযায়ী জমির পরিমাণ ও বাস্তব দখলের মধ্যে এমন পার্থক্য থাকায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে জমি নিয়ে বিরোধের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে মঞ্জু মন্ডল ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় ঘটনাস্থলে প্রায় ৩০ থেকে ৩৫ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে আকিদুল জোয়ারদ্দার, মামুন মন্ডল ও আক্কাস মন্ডলের নাম জানা গেছে। স্থানীয়ভাবে আক্কাস মন্ডল নবাবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ঘটনাস্থলের একটি ভিডিওতে মঞ্জু মন্ডলকে বলতে শোনা যায়, ‘সেনাবাহিনীও কিছু করতে পারেনি, আপনারা তো সাংবাদিক।’ এ বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে সাব-ইন্সপেক্টর কাঞ্চনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, মঞ্জু মন্ডল স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সমর্থন নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তবে এ অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়েও নিরপেক্ষ যাচাই প্রয়োজন।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সরকারি রাস্তা কোনো ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে অন্য কাউকে বুঝিয়ে দিতে পারেন না। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অসহায় পরিবারের ওপর নির্যাতন করলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীরা জমির সঠিক পরিমাপ নির্ধারণ, সরকারি সড়কের সীমানা চিহ্নিতকরণ, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করান এবং অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত