রাজবাড়ীর সদর উপজেলায় বাবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছর বয়সী শিশু আলিফ শেখ। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্বজনেরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে বাবার রিকশা নিয়ে বের হয় আলিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে পরিবার।
নিখোঁজ আলিফ শেখের বয়স ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি, ওজন আনুমানিক ৩৫ কেজি। গায়ের রং শ্যামলা এবং চুল কালো। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি আলিফের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৫৯৫০৮২১৫০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
সন্তানের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। আলিফকে খুঁজে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।
মতামত