নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে হাফিজুল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজুল গণেশপুর গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি ট্যাপেন্টাডল নামক অবৈধ মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় হাফিজুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত