কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ফেলে পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেন।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে সন্দেহজনক বোট ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সমুদ্রে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
কোস্ট গার্ড জানায়, মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত