নওগাঁর মান্দায় খেলার মাঠ ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে মাঠের সমস্যা সমাধানে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীর সমন্বয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস দীর্ঘদিন ধরে খেলার মাঠের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগে মাঠের সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে তারা।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়সংলগ্ন একটি জমিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছিল। তবে জমিটি নিচু হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে পানি জমে থাকে। ফলে বছরের দীর্ঘ সময় জমিটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি জমিটির একাংশের মালিক আইল দিয়ে জায়গাটি নিজেদের দখলে নেওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য নির্দিষ্ট ও উপযুক্ত কোনো মাঠ নেই। ফলে তারা নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা এবং খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত না করা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সময় তিনি বিদ্যালয়েও উপস্থিত ছিলেন না।
বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বলেন, “শিক্ষার্থীদের খেলার মাঠের দাবিটি যৌক্তিক। এ বিষয়ে সমাধানের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জমির মালিক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে দ্রুত মাঠের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”
মতামত