কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নজরে আসে।
কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোটটি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি
চালিয়ে নদীতে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত