নওগাঁর বদলগাছী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য **এসকাফ (Eskuf)**সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বদলগাছী থানার মথুরাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মথুরাপুর পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় সংলগ্ন পাকা রাস্তার ওপর ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাদের আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ আইনুল সোনার (৩৫), পিতা-মোঃ মজনু মিয়া, সাং-মথুরাপুর উত্তরপাড়া এবং মোঃ রাকিব হোসেন (২৭), পিতা-মোঃ ফারুক সোনার, সাং-মথুরাপুর পশ্চিমপাড়া, উভয় থানা-বদলগাছী, জেলা-নওগাঁ।
পরে তাদের দেহ তল্লাশি করে মোঃ আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থেকে ৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এসকাফ (Eskuf) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আইনুল সোনার উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেন যে, উদ্ধার হওয়া চার বোতল এসকাফ তিনি গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি মোঃ রাকিব হোসেনের কাছ থেকে ক্রয় করেছেন।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মতামত