লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহী ট্রেনের বগি রেখে ইঞ্জিন একা চলে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার তুষভান্ডার রেলস্টেশন এলাকায় এ বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। ঘটনার ফলে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগি আটকে থাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী কাপলিং হুক হঠাৎ ছিঁড়ে যায়। ফলে ট্রেনের পেছনের যাত্রীবাহী অংশটি লেভেল ক্রসিংয়ের ঠিক ওপর থেমে যায়। তবে বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি খেয়াল না করায় চালক কেবল ইঞ্জিন নিয়েই প্রায় এক কিলোমিটার পথ এগিয়ে যান।
লেভেল ক্রসিং বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে কয়েক শ দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও স্থানীয় যানবাহন আটকে পড়ে। প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েন হাজারো পথচারী ও চালক।
স্থানীয় বাসিন্দা আবুল হাশেম জানান, ক্রসিংয়ের ওপর দীর্ঘক্ষণ ট্রেনের বগি আটকে থাকায় পুরো সড়কে যানবাহন চলাচল থমকে যায়। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ ভ্যাপসা গরমে অপেক্ষা করতে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুষভান্ডার রেলস্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। খবর পেয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। নতুন ইঞ্জিন এনে বগিগুলো যুক্ত করার পর ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে রওনা হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মতামত