কক্সবাজারের উখিয়ায় জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় পাচারকারীর ফেলে যাওয়া মাছের ক্যারেট থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তর দিকে, উনচিপ্রাং বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যলাইন থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে মেজরের ঘের এলাকায় জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে প্রবেশ করতে দেখে টহল দল।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি মাছের ক্যারেটটি ঘটনাস্থলের কাছে ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।৬৪ বিজিবির অধিনায়ক জানান, ইয়াবা সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত