কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫), সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আভিযানিক দল জানতে পারে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র কয়েকজন ব্যক্তিকে জবরদস্তিমূলকভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে জড়ো করেছে।
তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কথিত পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
তাদের মধ্যে বান্দরবানের লামা এলাকার কয়েকজন এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার বাসিন্দা রয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী চক্রটি এসব ব্যক্তিকে বিদেশে পাঠানোর প্রলোভন ও জবরদস্তির মাধ্যমে ওই স্থানে জড়ো করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত