কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বদলগাছী চারমাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত