নওগাঁর সাপাহারে উপজেলা পরিষদ চত্বরের সামনে নির্মিত ‘জ্ঞান চত্বরের’ শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ তৈরির লক্ষ্যে নির্মিত এ চত্বর উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নতুন একটি উদ্যোগের সূচনা হলো।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ‘জ্ঞান চত্বরের’ উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি জ্ঞান চত্বরটি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, উপজেলা এলজিইডি কর্মকর্তা তাহাজ্জুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ‘জ্ঞান চত্বর’ জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মননশীলতার বিকাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বই পড়া ও জ্ঞানার্জনের আগ্রহ বাড়ানোর পাশাপাশি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা ‘জ্ঞান চত্বরের’ সফলতা ও কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।
মতামত