ধামইরহাটে ডেঙ্গুমুক্ত পরিবেশ গঠনে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
নওগাঁর ধামইরহাটে ডেঙ্গুমুক্ত পরিবেশ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ধামইরহাট পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটনের নেতৃত্বে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মশার বংশবিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নেত্রী শাহিনা আক্তারসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।
মতামত