নওগাঁর পোরশায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।
নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি অভিযানিক দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সরাইগাছি-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযানিক দল সেখানে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং শিবগঞ্জ উপজেলার তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
পুলিশের উপস্থিতিতে ও স্থানীয় লোকজনের সামনে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে খাকি কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা থেকে ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলা থেকে ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে এসে আমবাগানের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকবিরোধী অভিযানের বিষয়ে নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত