এআই প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল নওগাঁ পুলিশ।
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কান্নারত অবস্থায় পাওয়া এক শিশুকে এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স প্রযুক্তি ও পুলিশের তৎপরতায় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁ সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান একজন সুহৃদ ব্যক্তি। পরে তিনি শিশুটিকে নওগাঁ সদর থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, থানায় আনার পর শিশুটি একটানা কান্নাকাটি করতে থাকে। বয়স কম হওয়ায় সে নিজের নাম, ঠিকানা বা পরিবারের বিষয়ে কোনো তথ্য দিতে পারছিল না। এতে শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত করা পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ের এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজখবর ও অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির নাম মোঃ আদিল। তার বাবার নাম মোঃ ইব্রাহীম। তার বাড়ি নওগাঁ জেলার ফতেপুর এলাকায়।
পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে তার বাবা ও নানার কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় শিশুটিকে অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত দেখা যায়। দীর্ঘ সময়ের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
পুলিশের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা গেছে। প্রযুক্তির ব্যবহার ও পুলিশের দ্রুত তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় নওগাঁ পুলিশের মানবিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে।
মতামত