বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে দুই নারীসহ কথিত ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়ার হালকাচাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানার সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
পুলিশ জানায়, অভিযানে দেশে তৈরি একটি দুইনলা রাইফেল, একটি একনলা রাইফেল, একটি শর্টগান, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড তাজা কার্তুজ, কার্তুজের খোসা, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।
চকরিয়া থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ও ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সদস্যরা লালব্রিজ এলাকা থেকে দুর্গম ছনুয়া পাড়ায় প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে একটি বসতঘর ঘেরাও করে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করেন।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালকাচাপাড়া এলাকার একটি পুকুর থেকে বস্তাভর্তি ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় শহর বানু নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার চক্রটি উপকূলীয় দুর্গম এলাকায় অস্ত্র ও গুলি তৈরি, বিক্রি এবং ভাড়ায় দেওয়ার সঙ্গে জড়িত ছিল। এসব অস্ত্র চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অন্যান্য ডাকাত দলের কাছে ভাড়া দেওয়া হতো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চকরিয়া থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
পরে একই দিন দুপুরে গ্রেপ্তার ছয়জনকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মতামত