২৪ হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর
সোলতান আহমদ, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সাইবার টিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ১৬ এপিবিএন, টেকনাফ, কক্সবাজারের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার-এর সার্বিক দিকনির্দেশনায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
১৬ এপিবিএনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এসব জিডির তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করে।
পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সোমবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৬ এপিবিএনের অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের সদস্যরা।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন।
তারা ১৬ এপিবিএনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম, দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
১৬ এপিবিএনের এমন প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত