নওগাঁ জেলার মান্দায় বিল ব্যবস্থাপনায় মৎস্য আহরণের টিকিট মূল্য নির্ধারণ প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে সমিতি গঠনের সিদ্ধান্ত।
নওগাঁর মান্দায় বিল ব্যবস্থাপনা ও মৎস্য আহরণের জন্য বিভিন্ন ধরনের জালের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিলপাড়ের প্রকৃত মৎস্যজীবীদের নিয়ে বিল ব্যবস্থাপনা মৎস্যজীবী সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মান্দা বিল ব্যবস্থাপনা মৎস্যজীবী সমিতি, উত্তরাইল বিল ব্যবস্থাপনা মৎস্যজীবী সমিতি ও চককশবা বিল ব্যবস্থাপনা মৎস্যজীবী সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্ধারিত মূল্য অনুযায়ী, ৩০০ হাতের বড় জালের টিকিট ৮ হাজার টাকা, ১০০ হাতের ছোট বেড়/টাক্কা জাল ১ হাজার টাকা, মইজাল ১ হাজার টাকা, আটি জাল ১০টি (নৌকা প্রতি) ১ হাজার টাকা এবং হুইল প্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কাঠ জাল একটি ১ হাজার টাকা, ঠেলা জাল একটি ১ হাজার টাকা, খোলসান ১০টি ১ হাজার টাকা, বড় ভ্যাড় ১০টি ১ হাজার টাকা, ছিট জাল প্রতি ১ হাজার টাকা এবং ভোঁড়া জাল/খেয়া জাল প্রতি ৫০০ টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট বিলপাড়ের প্রকৃত মৎস্যজীবীরা এসব সমিতির সদস্য হতে পারবেন। প্রতিটি সমিতিতে সর্বোচ্চ ৪০ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সমিতিগুলোর নামে ব্যাংক হিসাব খোলা হবে। সমিতির তহবিল থেকে বিলে পোনা অবমুক্তকরণ, নার্সারি ব্যবস্থাপনা, অভয়াশ্রম নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, মাছের খাবার সরবরাহ, নৌকা ক্রয় এবং বিল ও মাছের অভয়াশ্রমের পাহারাদারদের ব্যয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা যাবে।এ ছাড়া নির্ধারিত টিকিট সংগ্রহ করে অনুমোদিত জাল ব্যবহার করে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে পারবেন। কেউ নিয়ম ভঙ্গ করে কিংবা নির্ধারিত টিকিট ছাড়া মাছ আহরণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত