কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদায় শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে খালেদ বিন ওয়ালিদ (রা.) জামে মসজিদ ইবতেদায়ী মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দীর্ঘদিনের কর্মজীবনের স্মৃতি ও অবদানের জন্য বিদায়ী শিক্ষক মাওলানা শামসুল আলমকে সম্মাননা ও ভালোবাসায় বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব রশিদ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ হোসাইন।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কুরআন তিলাওয়াত ও শিক্ষার্থীদের পরিবেশনা
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী হাফেজ মো. মুস্তাক্বীম বিল্লাহ।
এরপর ৩য় শ্রেণির ছাত্রী মোছা. জান্নাত আরা ইসলামী সংগীত পরিবেশন করে।
৪র্থ শ্রেণির ছাত্র মো. আরশাদ উল্লাহ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেয়।
পরে ৮ম শ্রেণির ছাত্রী মোছা. নূর মোহর বিদায়ের কবিতা পাঠ করে। ৪র্থ শ্রেণির ছাত্র মো. মারুফ ইংরেজিতে বক্তব্য রাখে এবং ৮ম শ্রেণির ছাত্র মো. জান্নাত আরফ বিদায়ের গান পরিবেশন করে।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র জুবায়ের আলিম বাকি শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রাক্তন ছাত্র আজিজুর রহমান বিদায়ী শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করেন।
শিক্ষকদের আবেগঘন বক্তব্য
শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইমাম হোসাইন।
তিনি বলেন, “একজন শিক্ষকের প্রকৃত অর্জন হলো তাঁর শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। মাওলানা শামসুল আলম দীর্ঘদিন ধরে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করেছেন।
তাঁর বিদায় আমাদের জন্য আনন্দের নয়, বরং আবেগের।”
সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দিক বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব।
মাওলানা শামসুল আলম শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়েছেন। তাঁর অবদান মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখবে।”
সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম আকন্দ বলেন, “একজন ভালো শিক্ষকের শূন্যতা সহজে পূরণ হয় না।
বিদায়ী শিক্ষক আমাদের সহকর্মী হিসেবে যেমন দায়িত্বশীল ছিলেন, তেমনি শিক্ষার্থীদের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়।”
সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষকের ভবিষ্যৎ জীবন সুন্দর ও কল্যাণময় হওয়ার জন্য দোয়া করেন।
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ
অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা রেসাতুল হাসান বিদায়ী শিক্ষক মাওলানা শামসুল আলমকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁর দায়িত্ববোধ, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা কাছ থেকে দেখেছি। তাঁর সঙ্গে কাজের অনেক স্মৃতি আমাদের মনে থাকবে।
বিদায় মানে সম্পর্কের শেষ নয়; বরং নতুন অধ্যায়ের সূচনা।”
তাঁর বক্তব্যের সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ হোসাইন বলেন, “মাদ্রাসার শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়; একজন শিক্ষার্থীকে আদর্শ, সৎ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষকরা এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। বিদায়ী শিক্ষক মাওলানা শামসুল আলমের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মাওলানা শামসুল আলমের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিরা।
শেষে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
মতামত