নওগাঁর মান্দায় বিএমডিএ’র উদ্যোগে ৩ হাজার চারা রোপণের শুভ উদ্বোধন।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। অংশীদারিত্বের ভিত্তিতে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় চুয়াপুর বেড়িবাঁধ থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে পর্যায়ক্রমে মোট ৩ হাজার বনজ ও ঔষধি চারা রোপণ করা হবে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চুয়াপুর বেড়িবাঁধ থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমডিএ মান্দা জোনের কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকেসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এ বনায়ন কর্মসূচি এ অঞ্চলের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে এ ধরনের বনায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চারা রোপণের পাশাপাশি এগুলোকে বড় করে তোলার দায়িত্বও স্থানীয় জনগণকে আন্তরিকভাবে পালনের আহ্বান জানান।
বিএমডিএ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় চুয়াপুর বেড়িবাঁধ থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত এলাকার দুই পাশে মোট ৩ হাজার বনজ ও ঔষধি চারা রোপণ করা হবে। কর্মসূচি বাস্তবায়নে বিএমডিএ মান্দা জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি অংশীদারিত্বের ভিত্তিতে স্থানীয় জনগণও চারা রোপণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে সম্পৃক্ত থাকবেন।
সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিতভাবে এ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা গেলে চুয়াপুর বেড়িবাঁধ থেকে রাধানগর ব্রিজ পর্যন্ত এলাকাটি ধীরে ধীরে একটি সবুজ ও নান্দনিক পরিবেশে পরিণত হবে। একই সঙ্গে রোপণ করা বনজ ও ঔষধি গাছ ভবিষ্যতে স্থানীয় মানুষের জন্য কাঠ ও ঔষধি সম্পদের উৎস হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশকে আরও শীতল ও সবুজ রাখতে সহায়ক হবে বলে মনে করছেন পরিবেশ সচেতনরা।
বিএমডিএ মান্দা জোনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ও পরিবেশ সচেতন মহল। তারা মনে করছেন, বনায়ন কর্মসূচির পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ ও স্থানীয় জনগণের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে।
মতামত