কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকে করে ইয়াবা পাচারের সময় রুজিনা আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তার সঙ্গে থাকা সাইড ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার ঘিঘাতলী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
আটক রুজিনা আক্তার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি. বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উলুবনিয়া থেকে পালংখালী বাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়।
এ সময় ইজিবাইকের এক নারী আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে মহিলা বিজিবি সদস্যরা রুজিনা আক্তারকে তল্লাশি করে তার সাইড ব্যাগের ভেতর থেকে নীল রঙের দুটি মিনি কাটে রাখা ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছেন, তিনি উলুবনিয়া এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তবে ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মতামত