পোরশায় সারের বাজারে প্রশাসনের হানা ৩৪ হাজার টাকা জরিমানা, অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
কৃষকদের কাছে সরকারের নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং সারের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নওগাঁর পোরশায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সার ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত ডিলারের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।অভিযানকালে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের গুদামে মজুত করা সারের পরিমাণ, বিক্রয় রেজিস্টার এবং দোকানে প্রদর্শিত মূল্যতালিকা যাচাই করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সঠিক বিক্রয় রসিদ প্রদর্শন করতে না পারা এবং সরকারি বিধিনিষেধ অমান্য করার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস সার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই সার বিক্রি করা যাবে না। দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখতে হবে এবং সার মজুত ও বিক্রয়ের ক্ষেত্রে সরকারি সব নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি বা জিম্মি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকরা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত ও কঠোর বাজার মনিটরিংয়ের ফলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে। একই সঙ্গে সাধারণ কৃষকরা হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
মতামত