নিরাপদ স্মরণিকা-২০২৬ এমপি অ্যাডভোকেট জালাল উদ্দিনের হাতে সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে নিসচার কার্যক্রম অব্যাহত
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, ষ্ট্যাফ রিপোর্টার,
নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত ‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি মহোদয়কে আজ গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠাণে স্মরনিকা বইটি হাতে তুলে দেওয়া হয়েছে।
সম্প্রতি এক সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার পরিবেশে এ স্মরণিকা হস্তান্তর করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও নিসচার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ মোবারক হোসেন স্মরণিকাটি সংসদ সদস্যের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।
স্মরণিকা হস্তান্তরকালে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীলতা এবং পথচারীদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন চালক, পথচারী, যাত্রী ও সংশ্লিষ্ট সব পক্ষের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ। এ লক্ষ্যেই নিরাপদ সড়ক চাই দীর্ঘদিন ধরে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।
‘নিরাপদ স্মরণিকা-২০২৬’ হস্তান্তরের এ আয়োজনকে নিসচার চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, স্মরণিকায় থাকা নিরাপদ সড়কবিষয়ক বিভিন্ন তথ্য, পরামর্শ ও সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে নিরাপদ চলাচলের বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত